| স্বনির্ভর গোষ্ঠী |
মুখ্যমন্ত্রী চান রাজ্যের প্রতিটি পরিবার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হোক । তাই তাঁর নির্দেশ মেনেই বাঁকুড়ায় চলতি বছরে সাড়ে সাত হাজার নতুন স্বনির্ভর গোষ্ঠী গড়ার উদ্যোগ নিয়েছে জেলা গ্রামোন্নয়ন শাখা ৷ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে , মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে জোর দেওয়া হয়েছে । তার জন্য জেলার প্রতিটি ব্লক প্রশাসনকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে । পুজোর ছুটির পরই ব্লক ও গ্রামপঞ্চায়েতে দায়িত্বপ্রাপ্তকর্মীরা গোষ্ঠী গড়ার কাজে ঝাঁপিয়ে পড়বেন । বাঁকুড়া জেলা গ্রামোন্নয়ন শাখার আধিকারিক পার্থ ভৌমিক বলেন , মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই জেলায় নতুন স্বনির্ভর গোষ্ঠী গড়ার কাজ শুরু হয়েছে । পুজোর আগে প্রায় সাড়ে তিনহাজার গঠন হয়ে গিয়েছে । বাকি চার হাজার গোষ্ঠী চলতি আর্থিক বর্ষের মধ্যেই গঠন করা হবে । তার জন্য বাড়তি তৎপরতা শুরু হয়েছে ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে , এখনও ২ লক্ষ ৫৪০ টি পরিবার গোষ্ঠীর আওতার বাইরে রয়েছে । ওই সব পরিবারের মহিলারাও যাতে গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন , তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে । তার জন্য জেলার সবকটি ব্লক প্রশাসনকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে । চলতি বছরের মধ্যে যাতে টার্গেট পূরণ করা যায় , সেই বিষয়ে জোর তৎপরতা শুরু হয়েছে । তার জন্য প্রতি ব্লকে মহিলা উন্নয়ন আধিকারিকের নেতৃত্বে গ্রামপঞ্চায়েত এলাকায় নিযুক্ত সিএসপিরা কাজ করছেন । তাঁরা গ্রামে ঘুরে ঘুরে খোঁজ খবর নিচ্ছেন । যে সব মহিলা এখনও গোষ্ঠীর বাইরে রয়েছেন , তাঁদের একজোট করে নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরির কাজ করছেন ।