সরকারি পরিষেবা পাচ্ছেন ? তা জানতে এবার সরাসরি সাধারণ মানুষের দুয়ারে যাবে প্রশাসন । একই সঙ্গে শুনবে নানা অভাব - অভিযোগ । সেই লক্ষ্যে এবার রাজ্য স্তর ও জেলায় জেলায় ' সিটিজেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউনিট ’ নামে বিশেষ জনসংযোগ ইউনিট তৈরি হচ্ছে । মঙ্গলবার প্রকল্পের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) , এমনটাই নবান্ন সূত্রে খবর । য়েতে দুর্নীতি ও জনপোষণ হলে সরাসরি এফআইআর । প্রয়োজনে টাকা ফেরত । প্রশাসনকে স্বচ্ছ করতে সম্প্রতি এমনই নিদান দিয়েছিল নবান্ন । এবার আরও কয়েক ধাপ এগিয়ে সরাসরি মানুষের দরজায় কড়া নাড়ার সিদ্ধান্ত । উদ্দেশ্য , সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে কতটা পৌঁছচ্ছে তা খতিয়ে দেখা । এই বিশেষ জনসংযোগ ইউনিট সরাসরি জনতার সঙ্গে যোগাযোগ করে সরকারি প্রকল্প নিয়ে নাগরিকদের মনোভাব , চাহিদা , অভাব অভিযোগ শুনে নবান্নে রিপোর্ট পাঠাবে । নাগরিক পরিষেবা মসৃণতর করতে মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার , পাড়ায় সমাধানের মতো কর্মসূচি গ্রহণ করেছেন । সম্প্রতি দুয়ারে সরকার , দুয়ারে ত্রাণ দেশের সেরা প্রকল্পের পুরস্কার পেয়েছে । কন্যাশ্রী , রূপশ্রী , কৃষকবন্ধু , স্বাস্থ্যসাথীর মতো একাধিক প্রকল্প মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে দুয়ারে সরকারের হাত ধরে ।
![]() |
| দুর্নীতি ও স্বজনপ্রীতি আটকাতে নতুন প্রকল্প |
কিন্তু আদিবাসী ও তফসিলি জাতির মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছচ্ছে না বলে অভিযোগ উঠেছে । বাধ্য হয়ে রাজ্যের পিছিয়ে পড়া প্রান্তিক এলাকাগুলিতে ১৩ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ‘ দুয়ারে সরকার ’ কর্মসূচি চালিয়েছে নবান্ন । অভিযোগের তালিকা যাতে আর দীর্ঘায়িত না হয় তার জন্য এবার সরকারিভাবে জনসংযোগের উদ্যোগ বলে মনে করা হচ্ছে । জানা গিয়েছে , একজন দক্ষ আইএএস অফিসারের নেতৃত্বে পরিচালিত হবে এই প্রকল্প । কেন্দ্রীয়ভাবে তো বটেই , জেলা থেকে ব্লক স্তরে জনসংযোগ ইউনিট তৈরি করা হবে । নবান্নের এক আধিকারিকের দাবি , এর ফলে একদিকে যেমন প্রশাসনের কাজকে স্বচ্ছ ও মসৃণ করে তোলা যাবে , অন্যদিকে সরকারের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ আরও মজবুত হবে । বোঝা যাবে মানুষের মন । প্রকল্প নিয়ে অভিযোগ জানানোর পর কাজের কাজ আদৌ হচ্ছে কি না , তাও জানার চেষ্টা হবে । সমাধান সূত্রও খুঁজবে এই ইউনিট । নবান্ন সূত্রে খবর , ইউনিট পরিচালনার বিস্তারিত শীঘ্রই গাইডলাইন আকারে জেলাগুলিকে জানাবে পঞ্চায়েত দফতর ।
আগামী বছরের গোড়াতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ , সামাজিক প্রকল্পগুলির পরিচালনায় স্বচ্ছতা রাখতেই এই বিশেষ উদ্যোগ । সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দপ্তর ১০০ দিনের কাজ , প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কড়া মনোভাব নিয়েছে । প্রশাসনিক স্তরে যাতে কোনও দুর্নীতি বা স্বজনপোষণ না থাকে তার জন্য এবার এই নয়া জনসংযোগ ইউনিট তৈরির পরিকল্পনা নবান্নের ।
